ইবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪ জুন থেকে ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। কিন্তু এর দুইদিন আগে থেকেই হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রভোস্ট কাউন্সিল। এতে করে চরম বিপাকে পড়েছেন বাড়ির উদ্দেশ্যে ঈদ যাত্রার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার দেখে ২৩ ও ২৪ তারিখের অগ্রীম টিকিট নেওয়া আবাসিক শিক্ষার্থীরা বেশি বিড়ম্বনায় পড়েছেন। এনিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অনেকে।
আগামী ২২ জুন সকাল ১০ টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে হলগুলো। সোমবার (১৯ জুন) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যালেন্ডারে ২৪ জুন থেকে ছুটির কথা থাকলেও এর আগে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ২২ তারিখ থেকেই ছুটি শুরু হচ্ছে। এজন্যই এ সিদ্ধান্ত।
মিলন রানা নামের এক আবাসিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ক্যাম্পাস বন্ধ হচ্ছে ২৪ জুন থেকে। সে অনুযায়ী বাড়ি ফিরতে ২৪ তারিখের পরিবহনের টিকিট নিয়েছি। সাধারণত ক্যাম্পাস বন্ধের পর হল বন্ধের ঘোষণা আসে। কিন্তু এখন ঘোষণা আসল হল বন্ধ হচ্ছে এর আরও দুইদিন আগে। এখন আমরা কি করব, কোথায় থাকব এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ক্যাম্পাস বন্ধের দুই দিন আগে থেকে হল বন্ধ হচ্ছে! এটা কেমন কথা। আমরা যাদের দূরে বাড়ি তারা জানেন ঈদের ছুটিতে টিকিট পাওয়া কতটা দুষ্প্রাপ্য। যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটি দিতে পারলেই হাফ ছেড়ে বাঁচে। গত সপ্তাহে শুনেছি হল বন্ধ হবে ২৪ তারিখে। আমি ২৪ তারিখ দুপুরের ট্রেনের টিকিট কেটেছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ২২ তারিখ সকাল থেকেই হল বন্ধ। আমি ২ দিন কোথায় থাকবো।
প্রঙ্গত, ঈদের ছুটি শেষে আগামী ৬ ও ৭ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় ৮ জুলাই (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে।

0 Comments